মুদ্রাস্ফীতি ও ইরানি মুদ্রা রিয়ালের তীব্র দরপতনের প্রেক্ষাপটে ইরানে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রদেশে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো।


ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এবং মানবাধিকার সংস্থা হেংগাও জানিয়েছে, পশ্চিম ইরানের লরদেগান শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হেংগাও আরও জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশেও একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।


গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এরপর থেকেই বিভিন্ন শহরে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।


ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লরদেগানে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এর আগেও ওই এলাকায় একাধিক মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল। তবে হেংগাওয়ের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।


অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কুহদাশতে তাদের সহযোগী আধাসামরিক বাহিনী বাসিজের একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য বিক্ষোভকারীদের দায়ী করে আইআরজিসি বলেছে, তারা প্রতিবাদকে সহিংসতায় রূপ দিয়েছে।


রয়টার্স এসব তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। এদিকে মানবাধিকারভিত্তিক সংবাদমাধ্যম এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের মারভদাস্ত শহরে বিক্ষোভ হয়েছে। হেংগাওয়ের তথ্যমতে, বুধবার পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।